সুনামগঞ্জে স্কুল ব্যাগে ভারতীয় আড়াই শতাধিক শটগানের গুলি উদ্ধার, যুবক আটক
মো. শাহীন আলম, জেলা প্রতিনিধি সুনামগঞ্জ::
সুনামগঞ্জে স্কুল ব্যাগে বহন করা ভারতীয় তৈরি আড়াই শতাধিক শটগানের গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলার সদর উপজেলার আব্দুর জহুর সেতু এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, একটি ট্রাকে করে অবৈধভাবে গুলি পরিবহনের সময় সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় এক যুবকের সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ভারতীয় তৈরি শটগানের সিসার গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গুলিগুলো মোট ৬টি প্যাকেটে রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ৪ থেকে ৫টি করে কস্টিপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি করে গুলি পাওয়া যায়। সব মিলিয়ে ব্যাগটিতে আড়াই শতাধিক শটগানের গুলি ছিল বলে জানায় র্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাবের এএসপি কপিল দেবগাইন জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
২৫.০১.২০২৬