সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর)
সিলেট জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিম আহমদ (সাগর)।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, আসন্ন জেলা কমিটি গঠনকে ঘিরে তৃণমূল পর্যায়ে নানা মতামত ও প্রত্যাশা তৈরি হয়েছে। নেতা-কর্মীদের একটি বড় অংশ সেলিম আহমদ (সাগর)-কে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
বিশেষ করে বর্তমান কেন্দ্রীয় নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক হওয়ায় সিলেটের তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা এখন এমসি কলেজভিত্তিক নেতৃত্বের দিকে। ছাত্ররাজনীতির ‘আঁতুরঘর’ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে উঠে আসা নেতৃত্বের প্রতি তাদের আস্থা ও আবেগ অনেক বেশি।
নেতাকর্মীরা মনে করেন, রাজপথ ও ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় এবং তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্বই সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে পারে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত থেকে গড়ে ওঠা নেতৃত্ব কমিটিতে স্থান পেলে তা শিক্ষার্থীদের কাছেও অধিক গ্রহণযোগ্যতা পাবে।
তৃণমূলের দাবি, পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হলে সিলেট জেলা ছাত্রদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
সবমিলিয়ে, তৃণমূল থেকে উঠে আসা পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতৃত্বই এখন সিলেট জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের প্রধান প্রত্যাশা হয়ে উঠেছে।